উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সরকারি আবাসনের রক্ষণাবেক্ষণের অভাবে প্রাণ হারাল এক চার মাসের শিশু (Toddler Dying)। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম (Ketugram) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম প্রিয়দর্শিনী বেসরা (Priyadarshini Besra)। তার মা শিবানী সোরেন কাটোয়ার একটি স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং বাবা সানু বেসরা সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট।
পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সময় আচমকাই ছাদের একটি বিশাল চাঙড় তার মাথায় ভেঙে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল দশা নিয়ে বারবার লিখিত আবেদন করা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর কোনও পদক্ষেপ করেনি। যথাযথ মেরামতি হলে এই অকাল মৃত্যু এড়ানো সম্ভব ছিল বলে দাবি তাঁদের। এই ঘটনায় এলাকার অন্যান্য আবাসিকদের মধ্যেও চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌভিক আলম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
