উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্রিকস সম্মেলনের পার্শ্ববৈঠকে রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) প্রাচীন তামিল ক্লাসিক গ্রন্থ ‘তিরুক্কুরাল’ (Thirukkural) -এর একটি বিশেষ রুশ সংস্করণ উপহার দিলেন তিনি। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল দ্বারা প্রকাশিত এই সংস্করণে মূল তামিল শ্লোকের পাশাপাশি রয়েছে নাইরা মক্রিচিয়ানের (Naira Mkrtchyan) করা রুশ অনুবাদ।
এই বিশেষ উপহারের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক তাৎপর্য। ১৭ শতক থেকেই ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রতি রুশ পন্ডিত ও লেখকদের গভীর আকর্ষণ ছিল। ১৯ শতকে রাশিয়ান সাহিত্যিক লিও তলস্তয় এই গ্রন্থের অনুবাদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়। গ্রন্থটির নীতি, করুণা এবং অহিংসার বার্তা তাঁর মননে গভীর প্রভাব ফেলেছিল। এমনকি তলস্তয়ের সঙ্গে মহাত্মা গান্ধীর চিঠিপত্রের যোগাযোগের নেপথ্যেও এই গ্রন্থের ভূমিকা ছিল বলে ঐতিহাসিকদের একাংশের মত।
উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি জানান, এই প্রাচীন গ্রন্থের কালজয়ী জ্ঞান রাশিয়ার পাঠকদের অনুপ্রাণিত করবে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে। আধুনিক ভারত-রাশিয়া সম্পর্কের কূটনৈতিক আবহে এই সাহিত্যিক যোগসূত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
The submit Thirukkural | পুতিনকে তামিল ক্লাসিক ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি appeared first on Uttarbanga Sambad.
