এবার বাংলাদেশে নির্মাণ হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিমা নির্মাণের বিরোধিতায় সরব হয়েছেন কট্টরপন্থীরা। তাঁদের দাবি, এগুলি উগ্র হিন্দুত্ববাদ ছাড়া আর কিছুই নয়।
গত ৮ নভেম্বর জগন্নাথ হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনও সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সমান অধিকার নিয়ে সবাই কথা বলবেন।” কিন্তু সরস্বতী প্রতিমা নির্মাণর এই উদ্যোগকে ‘হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ হিসাবে বর্ণনা করেছে কট্টরপন্থী দল হেফাজতে ইসলাম। এর নেপথ্য কারণ খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে তারা।
আরও পড়ুন:
হেফাজতে ইসলামের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে তারা বলে “ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়িতে সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের ষড়যন্ত্রের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী মূর্তি নির্মাণে তৎপর উগ্র- হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তি।” বিবৃতিতে আরও বলা হয়, “বেছে বেছে এমন কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আমরা আধিপত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করি। এধরনের কৌশল আমরা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।”
হেফাজতে ইসলামের নেতা আমির মুহিব্বুল্লা বাবুনগরি ও সাজেদুর রহমান বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি এদেশে নির্দিষ্ট একটি ধর্মকে প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছে। জগন্নাথ হল কোনও একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ইজারা দেওয়া হয়নি। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু (বৌদ্ধ ও খ্রিষ্টান) এবং পাহাড়ি নৃতাত্ত্বিক শিক্ষার্থীদের জন্যও এই হলটি নির্ধারিত। ফলে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেটিকে তাঁদের সম্পত্তি বানাতে পারেন না।” বলে রাখা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যে সরস্বতী মূর্তি নির্মাণ করা হচ্ছে, তার উচ্চতা প্রায় ৩০ ফুট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
