উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের মুখে থলপতি বিজয় (Thalapathy Vijay)! তাঁর অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ (Jana Nayagan)-এর ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়ে গেছে ইন্টারনেটে। অভিযোগ উঠেছে, ৪০০ কোটির বাজেটের এই সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হয়েছে এবং তা এতটাই আনাড়িভাবে যে, ট্রেলারের একটি ফ্রেমে রয়ে গেছে খোদ গুগল জেমিনি (Google Gemini)-র লোগো!
শনিবার ট্রেলারটি মুক্তি পাওয়ার পর অতি-উৎসাহী দর্শকদের চোখে ধরা পড়ে এই বিশাল ভুল! একটি দৃশ্যে একজনকে শটগান লোড করতে দেখা যায়, আর ঠিক তার পরের ফ্রেমেই নাকি ক্ষণিকের জন্য ভেসে ওঠে গুগলের এআই টুল ‘জেমিনি’-র ওয়াটার মার্ক (Watermark)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) মুহূর্তেই সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
এমন ‘অপেশাদার’ ভুলের পর ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নির্মাতারা। নেটিজেনদের একাংশ একে “সিনেমা শিল্পের অপমান”বলে আখ্যায়িত করেছেন। এদিকে বিতর্ক দানা বাঁধতেই নির্মাতারা তড়িঘড়ি ট্রেলারটি এডিট করে লোগোটি সরিয়ে দেন, তবে ততক্ষণে সেটির স্ক্রিন রেকর্ডিং নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, এইচ বিনোদ পরিচালিত এই পলিটিক্যাল অ্যাকশন এন্টারটেইনারটি আগামী ৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। বিজয় ছাড়াও এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিথা বাইজু। তবে বিজয়ের এই লড়াই সহজ হবে না, কারণ ঠিক তার পরের দিন অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে প্রভাসের ‘দ্য রাজা সাব’ এবং শিবকার্তিকেয়নের ‘পরাশক্তি’।
