Tea Employees Puja Bonus | বন্ধ চা বাগানের কর্মহীন শ্রমিকদের মুখে ফুটবে হাসি! নগদ ৫ হাজার টাকা ও বিশেষ প্যাকেজের ঘোষণা মুখ্যমন্ত্রীর  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শারদোৎসবের আবহেই উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের জন্য বিরাট স্বস্তির খবর নিয়ে এলো নবান্ন। সাংবাদিক বৈঠক করে চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ হারে পুজো বোনাস (Tea Employees Puja Bonus) সহ বন্ধ থাকা ২১টি চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক অনুদান ও অতিরিক্ত চাল বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যের প্রায় ২১টি চা বাগান বন্ধ রয়েছে, যেখানে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ১৯ হাজার ৫২৪ জন। বন্ধ থাকা এসব বাগানের শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু জানান, বন্ধ চা বাগানের পরিবারগুলি আগে থেকে পাওয়া নিয়মিত ৩৫ কেজি চালের পাশাপাশি পুজো উপলক্ষ্যে পরিবার পিছু নগদ ৫,০০০ টাকা এবং অতিরিক্ত ৫০ কেজি চাল পাবে। শ্রম দপ্তর সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাঠিয়ে দেবে। (তবে ৬০ বছরের উর্ধ্বরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না)।

এছাড়া, পূর্বে যেখানে ১৬% বোনাস মিলত, সেখানে বর্তমান সরকারের সুপারিশে এবার ২০% হারে পুজো বোনাস দেওয়া হচ্ছে। দু-একটি বাগান ছাড়া বাকি সব বাগানেই এই বোনাস পৌঁছে দেওয়া হয়েছে এবং অবশিষ্টাংশেও তা দ্রুত পৌঁছে যাবে।

দার্জিলিং পাহাড় থেকে শুরু করে তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের কল্যাণে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’-র আওতায় ৩১২ কোটি টাকার অনুমোদন পাওয়া গিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই যোজনার সুফল ও কাজ মাঠে ময়দানে শুরু হয়ে যাবে।”

একইসঙ্গে বন্ধ হয়ে থাকা ২১টি চা বাগান দ্রুত খোলার জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয়ে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য সরকারের এই ঘোষণায় পুজোর মুখে উত্তরবঙ্গের প্রায় পাঁচ লক্ষাধিক চা শ্রমিক ও তাঁদের পরিবারে খুশির হাওয়া ফুটে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *