উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুণ্যলগ্ন কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) ভক্তদের সমাগম ও নিরাপত্তার কথা মাথায় রেখে তারাপীঠ (Tarapith) মন্দিরে এবার একাধিক কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। প্রতিবছরই এই বিশেষ তিথিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে তারাপীঠে। এই বিপুল জনস্রোত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে এবং মন্দির চত্বরে নিরাপত্তা বজায় রাখতে রামপুরহাটের (Rampurhat) রক্তকরবী মঞ্চে অনুষ্ঠিত প্রশাসনিক প্রস্তুতি বৈঠকে বেশকিছু কড়া পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।
এবারের কৌশিকী অমাবস্যার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো গর্ভগৃহের অন্দরমহল নিয়ে। মন্দির কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, উৎসবের দিন ভক্তদের সাধারণ লাইনের মাধ্যমে দূর থেকেই দেবী দর্শন করতে হবে। গর্ভগৃহের ভেতরে সাধারণ ভক্তদের প্রবেশ এবং মা তারাকে সরাসরি স্পর্শ করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দিরের ভেতরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি, দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে। সাধারণ লাইনের পাশাপাশি পে-লাইন বা বিশেষ দর্শনের ব্যবস্থা থাকছে, যার সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে কড়া নির্দেশ রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ এই পে-লাইনেই সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রটোকল লাইনও চালু থাকবে।
শুধু মন্দির চত্বরই নয়, গোটা তারাপীঠজুড়ে নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। পুলিশ প্রশাসন, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ এবং লজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থেকে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, চিকিৎসা পরিষেবা এবং লজে আগত পর্যটকদের সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নিয়মকানুন কঠোর হওয়ায় ভক্তদের সুবিধার্থে ব্যাপক প্রচার চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। সবমিলিয়ে, ভক্তদের সুরক্ষা ও শৃঙ্খলার কথা মাথায় রেখে এবার সম্পূর্ণ অন্যরূপে পালিত হতে চলেছে তারাপীঠের কৌশিকী অমাবস্যা।

