উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে তামিমকে। বাড়ি ফিরলেও আগামী তিন মাস তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কবে তিনি ফের মাঠে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার চার দিন পর বাড়ি ফিরলেন তামিম ইকবাল। গত সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে মাঠে নামার আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। মাঠেই পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন মহমেডান অধিনায়ক। এদিন টসের পর বুকে ব্যথা অনুভব করায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সেদিন তাঁর বেশ কয়েক ঘণ্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। সেই সময় তামিমকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।
এ দিন তাঁর চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার বলেন, “তামিমের শারীরিক অবস্থা দেখার পর আমরা হাসপাতাল থেকে ছাড়ার অনুমতি দিয়েছি। আপাতত রিহ্যাব চলবে তামিমের। জীবনযাত্রার ধরন পাল্টাতে হবে। আশা করি দ্রুত ক্রিকেটে ফিরতে পারবে তামিম।”
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে আবু জাফর জানিয়েছেন, “তামিম ফের কবে ক্রিকেটে ফিরবেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে আগামী তিন মাস মাঠে ফেরার কোনও সম্ভাবনাই নেই তাঁর। এই সময়ের মধ্যে সব ঠিকঠাক থাকলে ও আবার খেলায় ফিরতে পারে। দুর্ভাগ্যবশত, ও ধূমপান করে। সে কারণে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই ধূমপান থেকে দূরে থাকতে হবে এবং চিকিৎসকদের কথা শুনতে হবে।”
উল্লেখ্য, সোমবার সকালে সাভারের বিকেএসপি মাঠে শাইনপুকুরের বিরুদ্ধে ম্যাচ ছিল মহমেডান স্পোর্টিংয়ের। মহমেডানের অধিনায়ক তামিম ইকবাল। সেই ম্যাচে টসের পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হলে হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া যায়। তাই তামিমের হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানো হয়। তামিমের বাড়ি ফেরার খবরে স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেটমহলে।
