উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ঢাকে কাঠি পড়ার আগেই শুরু হয়েছে নতুন এক ক্রিকেটীয় কূটনীতি। বিশ্বকাপে আইসিসি-র (ICC) অবস্থান এবং ভারতের ভিসা নীতি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ সরকার এবার পাশে চাইল পাকিস্তানকে। পাকিস্তানের সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্রের দাবি, আন্তর্জাতিক মঞ্চে আইসিসি-কে চাপে ফেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে জোট বাঁধতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
পাক-বাংলা নতুন সমীকরণ: ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, আইসিসি-তে নিজেদের দাবি জোরালো করতে পাকিস্তানের প্রশাসনিক ও ক্রিকেটীয় সাহায্য চেয়েছে ঢাকা। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধাজনক অবস্থানে থেকে খেলতে পারে, সেই দাবিতে পাকিস্তান লড়াই করলে তারা বিশ্বকাপে নাম তুলে নেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিতে পারে। ২০২৪-এর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্ক অনেকটাই সহজ হয়েছে, যার প্রভাব এবার বিশ্বকাপের ওপর পড়ছে।
শ্রীলঙ্কায় খেলার আরজি ও পাকিস্তানের প্রস্তাব: কূটনৈতিক কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এবার বাংলাদেশও একই দাবি তুলেছে। তারা ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে। অন্যদিকে, পিসিবি প্রধান মহসিন নকভি এক কদম এগিয়ে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায় তবে তারা পাকিস্তানে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে। যদিও আইসিসি-র একাংশের মতে, আয়োজক দেশ না হয়েও পাকিস্তান কীভাবে এই প্রস্তাব দেয়, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আয়ারল্যান্ড ইস্যুতে বিসিবি-র ধাক্কা: বাংলাদেশের জন্য আরও একটি খারাপ খবর হলো, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলে নেওয়ার যে আবেদন বিসিবি করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, সূচির কোনও বদল হচ্ছে না এবং তারা শ্রীলঙ্কাতেই সব ম্যাচ খেলবে। এই বিষয়ে আইসিসি এখনও মৌনতা অবলম্বন করে থাকলেও বাংলাদেশের জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
