উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার (Swatantra Bhardwaj Arrested) করল দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে পাকড়াও করা হয়েছে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেওয়া এবং এক প্রতিবাদীর বাবার উপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) অবস্থান-বিক্ষোভের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হুংকার দেওয়ার অভিযোগ রয়েছে স্বতন্ত্রের বিরুদ্ধে। এমনকি, প্রতিবাদী ছাত্রের বাবার উপর হামলা চালিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি একটি পডকাস্টে নিজেই সেই হামলার কথা গর্বের সঙ্গে স্বীকার করেছিলেন স্বতন্ত্র। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এই ঘটনার পরেও দিল্লি পুলিশ তাঁকে কিছু করতে পারেনি এবং তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
ওই পডকাস্টে দিল্লির বিজেপি সহ-সভাপতি কপিল মিশ্র ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে নিজের ‘বড়ভাই’ হিসেবে দাবি করেন স্বতন্ত্র। পাশাপাশি, চিরাগের সঙ্গে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়। স্বতন্ত্রের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে গত শুক্রবারই সংসদ মার্গ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিজেপি। সেই আন্দোলনে যোগ দেন কংগ্রেসের যুবনেতা তথা সাংসদ পাপ্পু যাদব এবং আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদও।
তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়ে দিল্লি পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেয়। এদিকে পুলিশের তৎপরতা টের পেতেই উত্তরপ্রদেশের বুলন্দশহরে পালিয়ে যান স্বতন্ত্র। অবশেষে শুক্রবার দিল্লি পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং শনিবার আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারির কথা ঘোষণা করা হয়।

