উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক মন্তব্যের (Submit-Ballot Violence) অভিযোগে আইনি বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এই ঘটনায় বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় দায়ের হওয়া একটি এফআইআরের (FIR) প্রেক্ষিতে শনিবার দুপুরে থানায় হাজিরা দিলেন স্বস্তিকা। প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এলেও, এ বিষয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।
অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বিকেলে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারার প্রেক্ষিতে পরমব্রত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ এই পোস্টে সমর্থন জানিয়ে স্বস্তিকা মন্তব্য করেছিলেন, ‘হাহাহা হোক হোক!’
আইনজীবীর অভিযোগ, যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং খুনের মতো ঘটনা ঘটেছে, সেই উত্তপ্ত সময়ে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও হিংসাত্মক করে তুলেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, তাঁদের এই কর্মকাণ্ড ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধের শামিল। মামলা দায়েরের পর আইনজীবী দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বস্তিকাকে তলব (Summoned) করলে শনিবার তিনি নির্ধারিত সময়ের আগেই থানায় হাজির হন। পরমব্রতর পোস্টকে কেন তিনি সমর্থন করেছিলেন, তা নিয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অভিনেতা-অভিনেত্রী প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, স্বস্তিকার থানায় হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোরগোল পড়েছে। এখন দেখার, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হন।
