উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম প্রশাসনিক সফরে গিয়ে বালুরঘাটবাসীকে জোড়া উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Balurghat Go to)। বুধবার বালুরঘাটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও পর্যালোচনা বৈঠকের মাঝেই তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই পুরোপুরি সচল হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর। একই সঙ্গে প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের ভূমিপুজো ও নির্মাণকাজও অতি দ্রুত শুরু হতে চলেছে।
এ দিন প্রশাসনিক পর্যালোচনা সভা করার উদ্দেশে বালুরঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। জেলা সফরের অংশ হিসেবে একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের এক অনন্য ছবিও ফুটে ওঠে। মধ্যাহ্নভোজনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়। সুকান্ত মজুমদারের বাড়িতে মুখ্যমন্ত্রীর আপ্যায়নে ঐতিহ্যবাহী বাঙালি পদের সমাহার রাখা হয়েছিল—যার মধ্যে ছিল সাদা ভাত, পাট শাক ভাজা, শুক্তো, পোস্ত, বালুরঘাটের বিখ্যাত রাইখোর মাছ ভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা, ইলিশ মাছ ও দেশি মুরগির মাংস। মিষ্টিমুখ করানোর জন্য ছিল নয়াবাজারের দই, চাটনি ও রসগোল্লা।
দক্ষিণ দিনাজপুর জেলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই জোড়া ঘোষণা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ ও সংস্কারহীন অবস্থায় থাকা বালুরঘাট বিমানবন্দরটি বাণিজ্যিক উড়ানের উপযোগী করে দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে বর্তমান প্রশাসন। অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণেই দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রাথমিক পরিকাঠামো গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি জমিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের রূপরেখাও চূড়ান্ত করা হচ্ছে। বিমান পরিষেবা চালু হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে কলকাতার দূরত্বের ব্যবধান যেমন কমবে, তেমনই নিজস্ব মেডিকেল কলেজ তৈরি হলে জেলাবাসীকে আর চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা কলকাতায় ছুটতে হবে না।

