উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিরোধী জোটের সমস্ত জল্পনা ও শব্দবাণকে পাশ কাটিয়ে তিলোত্তমার বুকে জোরালো ‘হুংকার’ ছাড়ল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত বিজেপির হেভিওয়েট ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ পদযাত্রার পর জনসভায় সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে আয়োজিত এই মেগা মিছিলে বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি এসআইআর (SIR) এবং আসন্ন পৌরনিগম নির্বাচন নিয়ে বড় বার্তা দেন তিনি।
দিল্লিতে বিরোধীদের সাম্প্রতিক একত্রিত হওয়া এবং এসআইআর প্রসঙ্গে সরব হওয়াকে একহাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিজেদের দুর্নীতি ঢাকতে এবং জেলে যাওয়ার ভয় থেকে বাঁচতেই বিরোধীরা আজ এক ছাতার তলায় ভিড় জমিয়েছে।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দুর্নীতি থেকে বাঁচার জন্য, জেলে যাওয়া থেকে বাঁচার জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য আর তোষণের রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য যারা এক হয়েছে, তাঁরা যেন মনে রাখে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিশাল জনসমর্থন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যের মানুষ অরাজকতা পছন্দ করেন না।
বিরোধীদের আপত্তি উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী এসআইআর (SIR)-এর অর্থ বুঝিয়ে দেন। তিনি বলেন, এসআইআর আসলে অনুপ্রবেশকারীদের নির্মূল করে দেশ রক্ষা করার এক চূড়ান্ত পদক্ষেপ। এই মঞ্চ থেকে হুংকার দিয়ে তিনি আরও জানান, সমাজের অন্দরে লুকিয়ে থাকা সমস্ত অপশক্তি, জেহাদি, জঙ্গি, মাওবাদী এবং সমাজবিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলতে বদ্ধপরিকর সরকার। সাধারণ মানুষকে ‘টুকরে টুকরে গ্যাং’ ও ক্ষতিকর উপাদানগুলো থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
সামনেই কড়া নাড়ছে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন। অতীতে ফলতা, নন্দীগ্রাম বা রেজিনগরের মতো জায়গায় বিজেপির জয়ের পরিসংখ্যান টেনে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরেই ঘোষণা করেন যে, আগামী দিনে কলকাতা ও হাওড়া পুরভোটেও বিরোধীদের সম্পূর্ণ সাফ করে দিয়ে যোগ্য জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার এই মিছিলে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে।

