উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সওয়াল করা নিয়ে হিন্দু মহাসভার (Hindu Mahasabha) দায়ের করা আবেদন নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, আদালতের কক্ষে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পেশ আসলে ‘সংবিধানের প্রতি আস্থার প্রকাশ’। এই বিষয়টিকে রাজনৈতিক রং না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
গত বুধবার এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থেকে নিজের বক্তব্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করার তোড়জোড় চলছে। এই প্রক্রিয়ায় রাজ্যে মৃত্যুর ঘটনাও আদালতকে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত উপস্থিতিকে ‘সাংবিধানিকভাবে অনুচিত’ দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তাদের যুক্তি ছিল, এই মামলা কোনও ব্যক্তিগত বিষয় নয়, বরং রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারের লড়াই। তাই মুখ্যমন্ত্রী এখানে ব্যক্তিগতভাবে সওয়াল করতে পারেন না।
সোমবার এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি কান্ত স্পষ্ট বলেন, ‘এতে অস্বাভাবিক কিছু নেই। এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ।’ এর পাশাপাশি আদালত এসআইআর মামলার গুরুত্বও স্পষ্ট করে দেয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসআইআর-এর কাজে কোনওভাবেই বাধা বরদাস্ত করা হবে না। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের কিছুটা অমিল রয়েছে বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার পাশাপাশি এসআইআর সংক্রান্ত মূল মামলাটিরও শুনানি চলে এদিন। সব মিলিয়ে সোমবারের পর্যবেক্ষণে আদালত বুঝিয়ে দিল, নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন, এমনকি তিনি একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও।
