উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। এতে স্বস্তিতে রাজ্য সরকার।
শীর্ষ আদালত জানিয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে মন্ত্রীসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে পারে। এক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন ছিল। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য প্রয়োজনীয় পরামর্শও নেওয়া হয়েছিল। সেকারণে এবিষয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এসএসসিতে নিয়োগের জন্য ৬ হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। রাজ্য মন্ত্রীসভা ওই সিদ্ধান্তে অনুমোদন দেয়। তবে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সঠিক ছিল না। মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ এদিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
