উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে (Bollywood) এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বিগ বস’-এর মঞ্চ থেকে শুরু করে মহেশ ভাটের হাত ধরে রুপোলি পর্দায় অভিষেক- ভারতীয় বিনোদন জগতের আজ অতি পরিচিত নাম সানি লিওন (Sunny Leone)। নিজের মেধা ও পরিশ্রমে জমি শক্ত করলেও অতীতের ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। এবার মথুরায় (Mathura) বাতিল হল তাঁর অনুষ্ঠান।
বর্ষবরণের রাতে অর্থাৎ ১ জানুয়ারি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় একটি পানশালায় সানি লিওনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী নিজেও একটি ভিডিওতে জানিয়েছিলেন, ‘নববর্ষটা মথুরায় একসঙ্গে উদযাপন করব আমরা, আশা করব রাতটা স্মরণীয় হয়ে থাকবে।’ কিন্তু মথুরার একাধিক মন্দিরের পুরোহিত সংগঠনের তরফ থেকে এই অনুষ্ঠানের বিরুদ্ধে আপত্তি জানানো হয়।
সংগঠনের তরফে একটি চিঠি দিয়ে আপত্তি জানানো হয়। বলা হয়, ‘মথুরা পবিত্র ভূমি। গোটা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। তবে কিছু মানুষ ইচ্ছাকৃত এই পুণ্যভূমির সুনাম নষ্ট করতে চাইছেন। এরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন।’ এমন অভিযোগ জমা পড়তেই ওই পানশালার তরফে নববর্ষের অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়।
