আবু ধাবি: নামেই মহারণ। হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তানের এই দলকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ সুনীল গাভাসকার। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার ফোরের প্রথম ম্যাচ। যদিও সানির দাবি, ওই ম্যাচে প্রয়োজন নেই জসপ্রীত বুমরাহকে। বিশ্রাম দিয়ে বুমরাহকে তুলে রাখা হোক ‘বড়’ ম্যাচের জন্য! গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবদের এমনই অবাক পরামর্শ দিয়েছেন। রবিবারের পাক-দ্বৈরথ প্রসঙ্গে গাভাসকার বলেছেন, ‘আমার মতে, ২৮ সেপ্টেম্বর ফাইনালের বড় ম্যাচের জন্য বুমরাহকে তুলে রাখা উচিত।’
গাভাসকারের বিশ্বাস, ফাইনালে ভারত উঠবে। আর খেতাবি যুদ্ধের জন্য দলের একনম্বর স্পিডস্টারকে তরতাজা রাখাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁর আগে সুপার ফোর বা অন্য কোনও ম্যাচে বুমরাহকে খেলানোর প্রয়োজন নেই। বাকিরাই যথেষ্ট। বুমরাহ যেমন বিশ্রাম পাবে, পাশাপাশি রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরও প্রস্তুত রাখার যাবে।
অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য গাভাসকারের পরামর্শ, তিলক ভার্মা, সঞ্জু স্যামসনকে ব্যাটিং অর্ডারে আরও উপরে খেলানো উচিত। সেক্ষেত্রে সূর্য নিজেকে কিছুটা পিছিয়ে দিক।
