উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শহরের রাজনৈতিক আঙিনায় শোরগোল ফেলে দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে (Sudip Polle)। শনিবার রাতে বেহালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঠাকুরনগর থানার পুলিশ।
সূত্রের খবর, শনিবারই সুদীপ পোল্লের বিরুদ্ধে ঠাকুরনগর থানায় তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগ পাওয়ার পরই তৎপরতার সাথে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করার পরেই পুলিশ কাউন্সিলরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে।
সুদীপ পোল্লে ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান পদেও আসীন রয়েছেন। বেহালা এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সুদীপের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দলের অন্দরেও এই ঘটনা বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্রের খবর, সুদীপের বিরুদ্ধে থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যবসায়ী। নিজের অভিযোগে ওই ব্যাবসায়ী জানিয়েছিলেন যে, তার কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা হিসাবে দাবি করা হয়। সেই টাকা না দিলে নাকি তার দোকান গুড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেপ্তারের পর সুদীপ পোল্লেকে হেপাজতে নিয়েছে ঠাকুরনগর থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবারই তাকে আদালতে হাজির করানো হবে।
