সামসী: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে (Street Accident) প্রাণ হারালেন এক প্রাইমারি স্কুলের শিক্ষক। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে সামসীর ভগবানপুর ৩১ নং জাতীয় সড়কে। মৃত শিক্ষকের নাম বিপুল মণ্ডল (৩৫)। রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা উত্তর হরিপুরের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। পড়াতেন মেঘডুমরা প্রাইমারি স্কুলে। স্ত্রী ও ১৮ দিনের সন্তানকে নিয়ে সামসী গণেশ পাড়ায় ভাড়া থাকতেন।
এদিন হরিপুরে গ্রামের বাড়ি থেকে বাইকে সামসী ভাড়া বাড়িতে ফিরছিলেন। ভগবানপুর ৩১ নং জাতীয় সড়কে তার বাইকে অন্য একটি বাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কা লেগে বাইক থেকে জাতীয় সড়কে পড়ে যান বিপুল।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন স্ত্রী মল্লিকা মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে সামসী ফাঁড়ির পুলিশ। ঘাতক বাইকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
