উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এনিয়ে এসএসসি-কে সময়ও বেঁধে দিয়েছে আদালত। ১০ ডিসেম্বরের মধ্যে সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে এসএসসি-কে।
বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানিয়েছেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ১০ ডিসেম্বর মধ্যে তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। পাশাপাশি ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যাঁরা নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক বৃহস্পতিবার মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে বিচারপতি এসএসসি-র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত ছিল। নাহলে পরে ফের অনিয়মের অভিযোগ উঠতে পারে।’
