উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল। তার সঙ্গে ধস। বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫৬ জনের। জখম ১০ জন। ২১ জনের কোনও খোঁজ নেই।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাদুল্লার পাহাড়ি এলাকায় ধস নামে। গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সেখানে। একাধিক নদীর জলস্তর বাড়ছে। ভেসে গিয়েছে একাধিক জেলা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জলের স্রোতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের হিসাবে এখনও পর্যন্ত ৪২৫টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১,৮০০ জনকে।
দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল। আগামী ৪৮ ঘণ্টার জন্য কেলানি নদীর নিম্নাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী কলম্বোতেও সতর্কতা জারি করেছে সরকার। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে এগোচ্ছে সাইক্লোন ‘দিতওয়াহ’ (Ditwah)। এর জেরে বৃষ্টি থামার লক্ষণ নেই। বিপর্যস্ত শ্রীলঙ্কায় শুরু হয়েছে উদ্ধারকাজ। একাধিক ত্রাণশিবিরও খোলা হয়েছে।
