Sourav Ganguly | অষ্টমীতে পাড়ার পুজোয় ডোনা-সানাকে নিয়ে অঞ্জলি সৌরভের; ভিড় এড়িয়ে সাবধানে ঠাকুর দেখার আর্জি মহারাজের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শরতের নীল আকাশ আর শিফালির গন্ধে মেতে ওঠা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মহাষ্টমীর দিনটি বরাবরই এক বিশেষ আবেগের। আর সেই বিশেষ দিনে শহরের জমকালো অনুষ্ঠান ছেড়ে নিজের পাড়ার পুজোতে পরিবারের সঙ্গেই কাটালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার সকালে দক্ষিণ কলকাতার বীরেন রায় রোড সংলগ্ন ঐতিহ্যবাহী ‘বেহালা প্লেয়ার্স কর্নার’-এর মণ্ডপে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাজির হন সৌরভ। অষ্টমীর বিশেষ অঞ্জলি, সন্ধিপূজা ও মহা আরতিতে পুরো পরিবারের সঙ্গে অংশ নেন তিনি।

উৎসবের আবহ ও অষ্টমীর আনন্দের মাঝেও চোরবাগান সর্বজনীন মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ট্র্যাজেডি ব্যথিত করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। চোরবাগানের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোক ও উদ্বেগ প্রকাশ করে সৌরভ বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা, আপনারা প্রত্যেকেই দেখেছেন সেখানে কী ঘটেছে। এতগুলো তাজা প্রাণ চলে গেল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুজোর এই দিনগুলিতে রাস্তায় মানুষের প্রবল ভিড় থাকে। দুর্গাপুজো মানেই হাজার হাজার মণ্ডপ আর উপচে পড়া মানুষ। তাই আপনাদের প্রত্যেকে অনুরোধ করব—খুব সাবধানে চলাফেরা করুন। ভিড়ের মধ্যে সচেতনভাবে ঠাকুর দেখুন এবং সুস্থভাবে নিরাপদে পরিবারের কাছে ফিরে যান।”

এদিকে চোরবাগানের ঘটনার পর রাজ্যজুড়ে বড় পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ও কঠোর করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। রবিবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পুরো পরিস্থিতির তদারকি করছেন। তাঁর সঙ্গে মন্ত্রী ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা প্রতিটি মণ্ডপে তীক্ষ্ণ নজর রাখছেন যাতে কোনও অবস্থাতেই চোরবাগানের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের কোথাও আর না ঘটে।”

অষ্টমীর পুণ্য তিথিতে সতর্কতার সঙ্গে আনন্দ উপভোগ করার বার্তাই এখন দিচ্ছেন শহর ও প্রশাসনের বিশিষ্টজনেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *