উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সাফদরজং হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো প্রখ্যাত শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)। তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সাফদরজং হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়ার সময় ওয়াংচুকের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ছিল।
মঙ্গলবারই দিল্লি হাই কোর্ট নির্দেশ দেয় যে, টানা ২৪ দিন অনশনের জেরে অসুস্থ সোনম ওয়াংচুক তাঁর পছন্দের হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন। এই বিষয়ে কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকেও কোনও আপত্তি জানানো হয়নি। এর পরেই সাফদরজং হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিয়ে গুরুগ্রামের হাসপাতালের চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথিও হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো আদালতে আবেদন জানিয়েছিলেন যে, যন্তর মন্তরে দীর্ঘ অনশনের ফলে তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সাফদরজং হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে তাঁরা মেদান্ত হাসপাতালে সোনমকে স্থানান্তর করতে চান। জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করে হাই কোর্ট নির্দেশ দেয়, সোনমকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল গঠন করে চিকিৎসা চালাতে হবে।
উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি, প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। মঙ্গলবার ছিল তাঁর অনশনের ২৪তম দিন। এর আগে গত শনিবার বিক্ষোভস্থল থেকে সাদা পোশাকের পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিল। তবে হাসপাতালেও তাঁর অনশন ভাঙানো যায়নি বলেই জানা গিয়েছে।

