উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘এসআইআর আতঙ্কে’ (SIR Panic) ফের মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। এবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি (Kandi, West Bengal) পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন মহুল শেখ (৪৫) নামে স্থানীয় এক বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পেশায় কৃষক (Farmer) মহুল শেখ বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এস আই আর ঘোষণার পর থেকেই তিনি চিন্তায় ছিলেন। কারণ তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। তাঁর নাম আদৌ এস আই আর হলে উঠবে কিনা তা জানতে বেশ কয়েকবার তিনি দরবার করেছেন স্থানীয় বিএলওর দুয়ারে। মঙ্গলবার রাজ্যে এসআইআরের কাজ চালু হতেই অঘটন ঘটিয়ে ফেলেন মহুল শেখ।
জানা গিয়েছে, এ দিন দুপুরে নিজের জমিতে চাষের কাজ করছিলেন মহুল। সেখানেই হঠাৎ কীটনাশক খান তিনি। আশপাশে থাকা অন্যান্য কৃষকেরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হয় মহুলের। পরে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে তৃণমূলের দাবি, এসআইআর আতঙ্কে প্রাণ কেড়ে নিল রাজ্যের ৭ নাগরিকের। তৃণমূলের বক্তব্য, এসআইআরের নামে মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়াচ্ছে বিজেপি। তবে বিরোধীদের দাবি, সরকারই সঠিক তথ্য না দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
