হরিশ্চন্দ্রপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Meeting Election 2026)। তার ঠিক আগে বছর শেষে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR এর কাজ (SIR)। কিন্তু হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই সংশোধন প্রক্রিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। কোথাও মুদির দোকানের সামনে বসে, আবার কোথাও শাসকদলের (TMC) জেলা পরিষদ সদস্যের বাড়ির উঠনে দাঁড়িয়ে কিংবা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বাড়ির সামনে থেকে বিএলওদের (BLO) ফর্ম বিলি করার বিভিন্ন ভিডিও সামনে এসেছে। আজ এমনই দুটো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। (যদিও ওই দুটি ভিডিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন।)
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতে শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়ির উঠোন থেকে এলাকার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার অমিত কুমার সাহা স্থানীয়দের ফর্ম বিলি করছেন। বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। সেই সহায়তা শিবির থেকেই এনামুরেশন ফর্ম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও। সাধারণ মানুষও সেখানে গিয়ে ফর্ম নিচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা। তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ(২) (BLA)। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির (BJP)। বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল। যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। অন্যদিকে, দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা বুথ এলাকায় ওই গ্রাম পঞ্চায়েতের শাসকদলের মেম্বার শিবু মহলদারের বাড়ির সামনে থেকে ফর্ম বিলি করছেন বিএলও শিপ্রা রায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এলাকার বিজেপি নেতা মনোজ দাস।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত বিএলও অমিত কুমার সাহা বলেন, ‘বুলবুল খানের বাড়িতে ফর্ম দিতে গেলে ওখানেও কিছু মানুষজন চলে আসেন ফর্ম নিতে। তাই আমি তাদের ফর্ম দিয়েছি।’
অন্যদিকে জেলা পরিষদ সদস্য বুলবুল খান বলেন, ‘আমার বাড়িতেই ভোটার সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আমার বাড়িতে বুথ লেভেল অফিসার ফর্ম দিতে আসলে আমার আত্মীয়রা ফর্ম নেওয়ার জন্য ভিড় করেন। সমস্তটাই নিয়ম মেনেই হচ্ছে। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে।
বিজেপি জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, ‘এ দুটি ঘটনায় প্রমাণ করছে যে শাসক দল গায়ের জোরে নিজেদের প্রভাব খাটিয়ে বুথ লেভেল অফিসারদের ওপর জোর জুলুম করছে। আমরা অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।’
