উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নজিরবিহীন টানাপোড়েন! পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধনীর কাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে তথ্যের বিস্ময়কর ফারাক। যে সংখ্যাটি মাসখানেক আগেও ছিল ২২০৮, তাই বুধবার নেমে এসেছিল ৪৮০-তে। আর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে সেই ‘নিঁখুত’ বুথের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ৭ টিতে।
অর্থাৎ, রাজ্যের সেই সব বুথের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে, যেখানে গত এক বছরে একজনও ভোটারের মৃত্যু হয়নি বা কেউ অন্য কোথাও স্থানান্তরিত হননি। জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) দপ্তর থেকে দেওয়া প্রাথমিক তথ্যের সঙ্গে বাস্তবের ফারাক এতটাই, যে কমিশনকে বারবার রিপোর্ট চেয়ে সংশোধনী আনতে হল।
সারা রাজ্যের হাজার হাজার বুথের মধ্যে এখন স্রেফ ৭টি বুথই এই বিরল কৃতিত্ব ধরে রাখতে পেরেছে— যেখানে এনুমারেশন ফর্ম বিলি হওয়ার পর সেগুলি ১০০% পূরণ করে জমা পড়েছে এবং কোনও ভোটার ‘মৃত’, ‘স্থানান্তরিত’ বা ‘নিখোঁজ’ হিসেবে চিহ্নিত হননি। এমনকি, কোনও ভোটারের নাম একাধিক জায়গাতেও পাওয়া যায়নি। কমিশনের তথ্য অনুযায়ী অনুযায়ী, এই ৭টি ‘নিখুঁত’ বুথের জেলাভিত্তিক পরিসংখ্যান: জলপাইগুড়ি(১টি), মালদহ(২টি), দক্ষিণ ২৪ পরগনা(১ টি), হাওড়া(১ টি),পশ্চিম মেদিনীপুর(১ টি), পুরুলিয়া(১টি)।
