উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ফের সিইও দপ্তরের (CEO) সামনে বিক্ষোভে শামিল হলেন বিএলও-দের একাংশ। দিল্লির নিয়োগ করা ১৩ জন রোল অবজার্ভারের সঙ্গে বেঙ্গল চেম্বারে একপ্রস্থ বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। মিটিং শেষ করে বাইরে বেরোতেই তাঁর গাড়ি ঘিরে স্লোগান দিতে শুরু করেন বিএলও-রা। তাঁরা কমিশনের অফিসের ভেতরে প্রবেশ করতে গেলে বাধা দেয় পুলিশ। ফলে প্রবল উত্তেজনা দেখা যায় সিইও দপ্তরের সামনে। যদিও শেষ পর্যন্ত পুলিশের (Police) ঘেরাটোপে তিনি বেঙ্গল চেম্বার থেকে সিইও দপ্তরে পৌঁছন।
‘সিইও-কে দেখা করতেই হবে’ এই দাবিকে সামনে রেখেই এদিন বিশেষ কর্মসূচি করেন বিএলও-রা। দপ্তরের বাইরে বাধা পেতেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। রাস্তাতেও বসে পড়েন একাধিক বিএলও। অনেক বিএলও অসুস্থও হয়ে পড়েন। তাঁদের বক্তব্য, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অনেকবার অনুরোধ জানিয়েও কোনও উত্তর নেই কমিশনের। কাজেই সিইও-র সঙ্গে দেখা না করে তাঁরা এখান থেকে উঠবেন না।
অন্যদিকে, গতকাল মুর্শিদাবাদের BLO জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁর পরিবার দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের কাজে চাপে মৃত্যু হয়েছে তাঁর। বিএলও-র ছেলে ইমাদুল হোসেন দাবি করেন, এসআইআরের কাজের জন্য ঠিকমতো কাজ করছিল না বিএলও অ্যাপ। সেই কারণেই তিনি দুশ্চিন্তায় ছিলেন। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সামনে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
