জঙ্গিপুর: প্রয়োজন অতিরিক্ত অর্থের। আর সেই অর্থ উপার্জনের লক্ষ্যে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে জোর করে দেহ ব্যবসায় নামাতে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপ মারল গুণধর স্বামী। নারকীয় অত্যাচারের পর স্থানীয়দের তাৎপরতায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনায় বৃহস্পতিবার শোরগোল ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত সামশেরগঞ্জ লাগোয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ১৫ আগে অসিত মন্ডলের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। বর্তমানে তাঁদের সপ্তম শ্রেণীর পড়ুয়া একটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, সংসারে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য গুণধর স্বামী অসিত স্ত্রীকে কেবলমাত্র মারধর করেই ক্ষান্ত থাকত না, তাঁকে দেহ ব্যবসায় নামার জন্য জোর করত সে। আর এদিন এই কু প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী অসিত তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় স্ত্রী মাটিতে লুটিয়ে পড়তেই এলাকা ছেড়ে চম্পট দেয় স্বামী।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা ওই মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মেয়ের এমন করুন পরিণতির কথা জানতে পেরে হাসপাতাল চত্বরে ছুটে আসেন তার মা। তিনি বলেন, “জামাই যে এতটা নিচে নেমে যাবে তা আমি কোনওদিন দুঃস্বপ্ন ভাবিনি। শেষ পর্যন্ত কিনা আমার মেয়েকে দিয়ে অর্থ উপার্জনের জন্য দেহ ব্যবসায় নামাতে চেয়ে এইভাবে কুপিয়ে খুনের চেষ্টা করবে? ওর ফাঁসির সাজা হওয়া উচিত।’ অসিতের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
