পঙ্কজ মহন্ত, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় বাদ যেতে পারে ৫২ হাজার ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) (SIR) মাধ্যমে এত সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনা উজ্জ্বল। সংখ্যাটা বৃদ্ধি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যা বুধবার স্পষ্ট হয়েছে জেলায় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক থেকে। জেলায় এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুরঘাট সার্কিট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক করেন কমিশনের ইলেক্টোরাল রোল অবজার্ভার অশ্বিনীকুমার যাদব। বৈঠকে জেলা শাসক বালাসুব্রহ্মণিয়ান টি ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। যদিও বৈঠক সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের পর্যবেক্ষক ও প্রশাসনিক কর্তারা মুখ খোলেননি।
এসআইআর শুরু হতেই জেলায় কত ভোটারের নাম বাদ যেতে পারে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রশাসনিক সূত্রে খবর, জেলায় মৃত ভোটারের সংখ্যা ৪১ হাজার ৯৭০। এছাড়াও বাদ যেতে পারে ভোটার কিন্তু স্থায়ী ঠিকানায় না থাকা ৮ হাজার ৯৯৪ জন এবং ডুপ্লিকেট হিসেবে ধরা পড়া ১ হাজার ২৩০ জনের নাম। সবমিলিয়ে সংখ্যাটা ৫২ হাজার ১৯৪। এছাড়াও ভিনরাজ্যে বা অন্যত্র সরে যাওয়া ভোটারের সংখ্যা ২১ হাজার ৫১২। এঁদের মধ্যে কতজনের নাম বাদ যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু নাম যে বাদ যাবে, তা নিয়ে কোনও সংশয় নেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। জেলায় ‘অন্যান্য’ বিভাগে রয়েছে ২০২টি নাম। খসড়া তালিকা প্রকাশ হলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে সিপিএমের কল্যাণ দাস বলেন, ‘নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে এখনও জেলায় ১২ হাজার এনুমারেশন ফর্ম সংগ্রহ হয়নি।’ বিজেপির তরফে বাপি সরকার বলেন, ‘জেলা শাসকের পরেও একজন অবজার্ভার পেলাম, এটা আনন্দের বিষয়। এখন থেকে যে বিষয়গুলি জেলা শাসককে দিয়ে সমাধান হবে না, তা অবজার্ভারকে জানাতে পারব। হেয়ারিং শুরু হলে অবজার্ভারের ভূমিকা আরও জরুরি হয়ে উঠবে।’ কংগ্রেসের তপন দেবের বক্তব্য, ‘চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এসআইআর-এর প্রভাব বোঝা সম্ভব নয়। তবে অবজার্ভারের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে এবং নানা বিষয়ে প্রশ্নও তোলা হয়েছে। কমিশনের তরফে তার উত্তরও দেওয়া হয়েছে।’
কমিশনের তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত জেলায় মোট ভোটার ছিল ১৩ লক্ষ ১৯ হাজার ৪৯৬ জন। পরবর্তী সময়ে কিছুটা হলেও বেড়েছে।
