উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে এসআইআরের (SIR) জন্য গত ৪ নভেম্বর থেকে সমস্ত বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Type) বিলি করা শুরু করেছেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা (BLO)। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীনও নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কখনও বাসস্ট্যান্ডে, কখনও রাজনৈতিক দলের ক্যাম্পে আবার কখনও দোকানে বসে ফর্ম বিলি করছেন বিএলও-রা, এমন অভিযোগ উঠেছে। ক্রমাগত এই অভিযোগ সামনে আসতেই এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন (Election Fee)।
জানা গিয়েছে, শনিবার পর্যন্ত ৮ জন বিএলও-কে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে ৫ জন বিএলএ-এর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ধরনের অনিয়ম রুখতে ও বিএলও-দের উপর নজর রাখতে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে কমিশন। দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। বিএলও-দের নিয়ে অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে ফোন করে তা জানাতে পারবেন সাধারণ মানুষ। নম্বরটি হল – ০৩৩-২২৩১০৮৫০।
আর যেসব বিএলও-দের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে। সেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে পদাবনতি, বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ এমনকি চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। কোনও বিএলও ইচ্ছাকৃতভাবে এনুমারেশন ফর্ম নষ্ট করলে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে।
উল্লেখ্য, সমগ্র রাজ্যে প্রায় ৮০ হাজারেরও বেশি বিএলও-কে এসআইআরের কাজ করছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটারদের বাড়িতে একাধিকবার যাবেন বিএলও। যারা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন তাঁরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
