চোপড়া: পথদুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি বিএলও (BLO)। এদিকে বাকি রয়েছে এসআইআরের (SIR) কাজ। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই হাতে ব্যান্ডেজ নিয়েই লেগে পড়লেন কাজে। উত্তর দিনাজপুর জেলার (North Dinajpur) চোপড়ার লালুগছের বিএলও প্রাণগোপাল দাস। তিনি লালুগছ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ৪৫ নম্বর বুথের বিএলও। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে। বাড়ি আসতেই অসুস্থ শরীরেই শুরু শুরু করলেন নিজের দায়িত্ব।
প্রাণগোপাল দাস বলেন, গত ২৪ তারিখ গ্রাম পঞ্চায়েত থেকে ফেরার পথে সোনাপুর ব্রিজের কাছে একটি লরি ধাক্কা দেয় তাঁর বাইকে। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাঁকে দেখতে পান এবং উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানেই চিকিৎসক তাঁকে জানান- পায়ের দু’টি আঙুল ভেঙে গিয়েছে এবং হাত ও কাঁধে রয়েছে গুরুতর চোট। এদিন হাসপাতাল থেকে বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শ মতো কিছুটা বিশ্রাম নিয়ে প্রাণগোপাল বাবু শুরু করেছেন এসআইআরের কাজ। তাকে কাজে কিছুটা সাহায্য করছেন তার শ্যালক।
এই খবর শুনে বিডিও (BDO) সৌরভ মাজি বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ওই বিএলও হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েও নিজের দায়িত্ব পালন করছেন শুনে ভালো লেগেছে। তবে কাজের পাসাপাশি তিনি যেন নিজের খেয়াল রাখেন এটাই চাই।’
