শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও ভক্তিনগর থানার সাদা পোশাক পুলিশের যৌথ অভিযানে মিলল বড়সড় সাফল্য। কিস্তিতে কেনা দামী হাই-স্পিড বাইকে করে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে আসার সময় এক যুবককে পাকড়াও করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার NH-10 সংলগ্ন ইন্দিরা গান্ধী ময়দানের কাছে বিশেষ নাকা তল্লাশির আয়োজন করা হয়। সেখানেই আটক করা হয় কোড়িবাড়ির বাসিন্দা দিনবন্ধু বর্মন (২৭)–কে। তার বাইকের পিছনে ঝোলানো ব্যাগ থেকে পুলিশ দু’টি প্যাকেটে মোট দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার করে।
জানা গিয়েছে, দিনবন্ধু নাকি কয়েকদিন আগেই কিস্তিতে একটি দামী হাই-স্পিড বাইক কিনেছে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে কিস্তি শোধ করত সে। পুলিশ মনে করছে, দ্রুত গতি ও নজর এড়ানোর সুবিধার জন্যই সে এই দামি বাইকটি কিনেছিল, যাতে সহজে মাদক পাচার করা যায়।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত একা কাজ করছে না। তার পেছনে বড়সড় একটি মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে। দিনবন্ধু বর্মনকে গ্রেপ্তার করে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আগামীকাল তাকে NDPS আইনের অধীনে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
