শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। মুদি দোকানে ঢুকে এক মহিলার কান থেকে সোনার দুল টেনে ছিঁড়ে নিয়ে চম্পট দেওয়ার (Siliguri Snatching Case) অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ওই তরুণের নাম রণি রায়, সে শহরের হায়দরপাড়ার বাসিন্দা। পুলিশ ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া কানের দুল দুটি উদ্ধার করার পাশাপাশি অপরাধে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওল্ড মাটিগাড়া রোড সংলগ্ন নিউ কলোনির তিন নম্বর রাস্তার একটি মুদি দোকানে খদ্দের সেজে আসে অভিযুক্ত রণি রায়। সেই সময় দোকানে একলা ছিলেন এক মহিলা। অভিযোগ, নানা অজুহাতে ওই তরুণ দীর্ঘক্ষণ ওই মহিলার সঙ্গে কথা বলতে থাকে। এরপর দোকান সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগ বুঝেই আচমকা ওই মহিলার দুই কান থেকে সোনার দুল সজোরে টেনে ছিনতাই করে নেয়। মহিলা কিছু বুঝে ওঠার আগেই বাইরে রাখা বাইক স্টার্ট দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সে।
এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই দ্রুত তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। নিজস্ব সূত্র ও সোর্স নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে রণিকে পাকড়াও করেন তদন্তকারীরা। পুলিশের জালে ধরা পড়ার পর জানা যায়, ধৃত যুবক পেশাদার অপরাধী এবং তার পুরনো অপরাধের খতিয়ান রয়েছে। এর আগে একটি মাদক মামলায় (NDPS Case) গ্রেপ্তার হয়েছিল রণি। পূর্বে আরেকটি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ধরা পড়েছিল সে।
বুধবার ধৃত রণি রায়কে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছেন বিচারক। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

