শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Company) প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন (Administrator) আর বিমলা (R. Vimala)। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি পুরনিগমে পৌঁছান। ফুল ও উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানান পুরনিগমের কমিশনার অশ্বিনীকুমার রায় সহ অন্যান্য কর্মী ও আধিকারিকরা। পরে বিজেপি কাউন্সিলার অমিত জৈন সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানান।
এদিন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরই আর বিমলা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। তিনি জানিয়েছেন, বর্ষার মরশুমে যাতে কোথাও জল না জমে, সেজন্য সাফাইয়ে জোর দেওয়া হবে। সেই সঙ্গে পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, সবার সঙ্গে মিলেই কাজ করা হবে। আর বিমলা এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির সিইও ছিলেন। পরে সেখান থেকে মালদা, কালিম্পং ও আলিপুরদুয়ারের জেলাশাসকের দায়িত্বভার সামলান। দক্ষ আইএএস অফিসার হিসেবে পরিচিতি আছে আর বিমলার। শিলিগুড়ি শহরকেও তিনি চেনেন।
উল্লেখ্য, শুক্রবার শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করেন গৌতম দেব। এরপরই সক্রিয় হয়ে ওঠে তৃণমূল কাউন্সিলরদের একাংশ। ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে মেয়র ও সঞ্জয় পাঠককে ডেপুটি মেয়র করে পুনরায় বোর্ড গঠনের উদ্যোগ শুরু হয়। যার বিরোধীতা করে পরপর পদত্যাগ করেন ৪ জন তৃণমূল কাউন্সিলরদের। কিন্তু শেষ পর্যন্ত বোর্ডের ক্ষমতা হাতে রাখতে চেষ্টা চালায় তৃণমূল। পুর ও নগরোন্নয়ন দপ্তরের সময়সীমার মধ্যেই সোমবার দুপুর নাগাদ চিঠি দিয়ে ২৪ জন তৃণমূল কাউন্সিলর জানিয়ে দেন তাঁরা বোর্ড গঠন করতে চান। কিন্তু সেই চিঠি কমিশনের কাছে জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করা হয়।

