শিলিগুড়ি: শ্বশুরবাড়ি থেকে স্কুটার দিয়েছিল, কিন্তু তাঁদের মাথায় হয়তো এটা ছিল না স্কুটারের সঙ্গে জামাই-কে হেলমেটটাও দেওয়া উচিত। তাই শ্বশুরবাড়ি থেকে হেলমেট পাননি বলে জামাই-ও হেলমেট ছাড়াই স্কুটার নিয়ে শহরময় ছুটে বেড়ান। তবে আর হয়তো ‘জামাইবাবাজিকে’ হেলমেট ছাড়া স্কুটার চালাতে হবে না। নিজের মাথা বাঁচিয়েই শহরের রাজপথে শ্বশুরবাড়ির দেওয়া স্কুটার নিয়ে দাপিয়ে বেড়াতে পারবেন তিনি।
রাজ্যজুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। তার সূত্র ধরে মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি'(Siliguri) শহরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছিল নজরদারি। দুপুর নাগাদ এনজেপি (NJP) ট্রাফিক পুলিশের তরফে ইস্টার্ন বাইপাসের ভিআইপি মোড়ে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মীরা (Police)। সেই সময় তাঁরা দেখতে পান হেলমেট ছাড়াই এক ব্যক্তি স্কুটার চালাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। জানতে চান কী কারণে হেলমেট ছাড়া তিনি স্কুটার চালাচ্ছিলেন। তখন তিনি যে উত্তর দিলেন, তা শুনে ভিরমি খাওয়ার উপক্রম কর্তব্যরত ট্রাফিক পুলিশের। তাঁর অকপট স্বীকারোক্তি, শ্বশুরবাড়ি থেকে পণ হিসাবে স্কুটার পেয়েছি। কিন্তু আমাকে তাঁরা হেলমেট দেয়নি। তাছাড়াও আমার এখন হেলমেট কেনার টাকা নেই, তাই হেলমেট ছাড়াই স্কুটার চালাই।’এমন অদ্ভুত যুক্তি শুনে সমস্যার সমাধানে এগিয়ে এলেন খোদ ট্রাফিক পুলিশ কর্মীরাই। একটি নতুন হেলমেট তাঁকে পরিয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে পাঠানো হল বাড়িতে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শীদের টিপ্পনি, স্কুটার দিয়েছে শ্বশুর, হেলমেট দিল পুলিশ, এখন তেলটা আবার কারও কাছে না চেয়ে বসে।
