তমালিকা দে, শিলিগুড়ি: সোমবার শিলিগুড়ির (Siliguri) সূর্য সেন পার্কে উদ্বোধন হল নতুন পাখিঘরের। এখন পার্কে ঘুরতে গেলে শোনা যাবে পাখির কিচিরমিচির শব্দ।
আগে এ শহরেও রাস্তার গাছে গাছে প্রচুর পাখি ছিল। সেই সব গাছ কাটা পড়তেই এখন দেখা যায় না তাদের। মোবাইলের রেডিয়েশন, অবাধে প্লাস্টিক ও সারের ব্যবহার, উন্নয়নের সর্বগ্রাসী থাবা পাখিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে শহরে পাখিঘর অবশ্যই স্বস্তির খবর। সূর্য সেন পার্কের নতুন এই পাখিঘরে দেখা যাবে লাভ বার্ড, ককটেল, কনুর পাখি। এদিন মোট ৬০টি পাখি নতুন খাঁচায় ছাড়া হয়। নতুন এই পাখিঘরের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।
শহরের এই পার্ক বরাবরই শহরবাসীর পাশাপাশি পর্যটকদের কাছেও একটি আকর্ষণের জায়গা। বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে এই পার্কে আনা হয়। শুধু পাখিঘর নয়, এদিন পার্কে ঢোকার মুখে সংস্কার করা ফোয়ারা ও বোটিং লেকের নতুনভাবে উদ্বোধন করা হয়। পার্কে ঘুরতে এসে মানুষ যাতে আনন্দ পান সেজন্য পার্কটি সাজিয়ে তোলা হয়েছে বলে মেয়র গৌতম দেব জানান। পার্কে ঘুরতে আসা শিশুরা যাতে নানা ধরনের খেলনার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য ব্যবস্থা করা হবে বলে পুরনিগমের উদ্যান ও কানন বিভাগের মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় জানান।
পার্কের সার্বিক কাজের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। পয়লা বৈশাখে নতুনভাবে সেজে ওঠা পার্কে আরও নতুন জিনিস দেখা যাবে। যেখানে থাকছে কাফেটেরিয়া, মনীষীদের গ্যালারি, আলোকসজ্জা, বিভিন্ন রকমের ফুলের গাছ। ইতিমধ্যেই পার্কে যাতে সারা বছর মানুষ বোটিংয়ের আনন্দ নিতে পারে সেজন্য নতুনভাবে লেকটি তৈরি করা হয়েছে। নতুনভাবে সেজে ওঠা পার্কটি আরও বেশি মানুষকে আকর্ষণ করবে বলে আশা রাখছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পাখিঘরে পাখির পাশাপাশি জাপানি কই মাছও দেখা যাবে।
