শিলিগুড়ি: সকালেই শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন আইএএস (IAS) অফিসার আর বিমলা। আর বিকেলেই সরিয়ে দেওয়া হল পুরনিগমের কমিশনার অশ্বিনীকুমার রায়কে। তাঁর জায়গায় নতুন পুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) সিইও তথা ডব্লিউবিসিএস আধিকারিক বীর বিক্রম রাইকে। জানা গিয়েছে, আপাতত তিনি জোড়া দায়িত্বে থাকবেন। তবে, অশ্বিনীকুমার রায়কে কোথায় বদলি করা হল, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, মেয়াদের আট মাস বাকি থাকতেই গত শুক্রবার শিলিগুড়ির মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। তাঁর পদত্যাগের পর রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন আর বিমলা। এর পরই কমিশনারকে বদল করে দেওয়ায় পুরনিগমের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই আকস্মিক রদবদল, তা এখনও জানা যায়নি।
এদিকে, আগামী ছ’মাসের মধ্যে রাজ্যের পুরসভাগুলিতে নির্বাচন করানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রশাসক বসিয়ে বকলমে নিয়ন্ত্রণ কায়েম করে পুরসভা চালানোর পক্ষপাতী নয় তাঁর সরকার। ফলে, দ্রুত নির্বাচন সম্পন্ন করে শহরের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলির নিষ্পত্তি করাই আপাতত নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

