শিলিগুড়ি: রাজ্যে ক্ষমতা পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Company) কার্যত ধস নেমেছে। শুক্রবার মেয়র গৌতম দেবের পদত্যাগের পর এবার মেয়র পারিষদ (MMIC) পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক দে। তিনি পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বে ছিলেন। মানিক দের এই পদত্যাগের সিদ্ধান্তের ফলে পুরনিগমে তৃণমূলের সংকট আরও ঘনীভূত হলো।
সূত্রের খবর, বৃহস্পতিবার মেয়র পারিষদদের নিয়ে গৌতম দেব এক রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই তিনি নিজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন। মেয়রের মুখে এমন কথা শুনে উপস্থিত সদস্যরা কার্যত স্তম্ভিত হয়ে যান। গৌতম দেবের ইস্তফার খবর চাউর হতেই তৃণমূলের অন্দরের গোপন কোন্দল প্রকাশ্যে চলে আসে। সূত্রের দাবি, দলের ভেতরের তীব্র মতভেদ এবং পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণেই প্রবীণ এই নেতা পদত্যাগের পথ বেছে নিয়েছেন। এবার গৌতম দেবের ইস্তফার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মানিক দের পদত্যাগ করার সিদ্ধান্তে পুরনিগমে তৃণমূলের অবস্থান নড়বড়ে হয়ে পড়ার বিষয়টি কার্যত স্পষ্ট হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।
শিলিগুড়ির (Siliguri) প্রশাসনিক মহলে এখন একটাই জল্পনা—গৌতম দেবের পর কি আরও অনেকে পদত্যাগ করবেন? যদি তৃণমূল কাউন্সিলাররা একের পর এক ইস্তফা দিতে শুরু করেন, তবে বর্তমান বোর্ড আদৌ টিকে থাকবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

