শিলিগুড়ি: বৃষ্টির রাতে পিচ্ছিল রাস্তায় ট্রাক চালাতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে গেল আস্ত একটি ট্রাক। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) ইস্টার্ন বাইপাস এলাকায়।
জানা গিয়েছে, এদিন রাতে একটি পণ্যবাহী ট্রাক ইস্টার্ন বাইপাস ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারের ওপর উঠে যায়। ট্রাকের সামনের চাকা দুটি ডিভাইডার টপকে ওপরে আটকে যায়। ঘটনার ভয়াবহতায় আশপাশের মানুষজন ছুটে আসেন।
দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত দেখা যায়, চালক ট্রাকের ভেতরেই বসে রয়েছেন। বৃষ্টির কারণে উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক সুরক্ষিত রয়েছেন এবং কোনো বড়সড় প্রাণহানির খবর মেলেনি। ট্রাকটিকে ডিভাইডার থেকে নামানোর চেষ্টা চালানো হচ্ছে।
