Siliguri | শিলিগুড়িতে অনলাইন জুয়ার আড়ালে তোলাবাজি ও মারধর! পুলিশের জালে দুই ‘মাস্টারমাইন্ড’

Siliguri | শিলিগুড়িতে অনলাইন জুয়ার আড়ালে তোলাবাজি ও মারধর! পুলিশের জালে দুই ‘মাস্টারমাইন্ড’

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়িতে ক্রমশ জাল ছড়াচ্ছে অপরাধের কালো হাত। এবার অনলাইন জুয়ার (On-line Betting) আড়ালে ভয়ংকর তোলাবাজি ও মারধরের অভিযোগ সামনে এল। ভক্তিনগর থানা এলাকার এই ঘটনায় পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শুভম আগরওয়াল ও সঞ্জু আগরওয়াল। তারা শহরের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লির বাসিন্দা।

অভিযোগের সূত্রপাত বিজয় প্রসাদ নামে এক ব্যক্তির বয়ান থেকে। তিনি পুলিশকে জানিয়েছেন, শুভম ও সঞ্জু অবৈধ অনলাইন জুয়া র‍্যাকেটের সঙ্গে সরাসরি যুক্ত। তারা বিভিন্ন ব্যক্তিকে অনলাইন বেটিং আইডির মাধ্যমে প্রলুব্ধ করে একটি ‘কমিটি’র অন্তর্ভুক্ত করত। অভিযোগকারীর দাবি, একবার এই জালে পা দেওয়ার পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। বিজয় বাবু ওই চক্র থেকে বেরিয়ে আসতে চাইলে তাঁর কাছে ১৫ লক্ষ টাকা দাবি করা হয়।

বিজয় প্রসাদের অভিযোগ অনুযায়ী, গত ২৬ নভেম্বর রাতে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে প্রথমবার হুমকি দেয়। এরপর ২৭ নভেম্বর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হায়দারপাড়া এলাকার একটি ক্লাবের সামনে থেকে বিজয় প্রসাদকে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, ধস্তাধস্তির সময় অভিযুক্তরা তাঁর গলা থেকে ২৫ গ্রাম ওজনের একটি সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

গুরুতর আহত অবস্থায় বিজয় প্রসাদ শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ভক্তিনগর থানায় বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে আজ ভক্তিনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিলনপল্লির বাড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *