উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ঐতিহাসিক অবদান, জাতীয়তাবাদী দর্শন ও সুদূরপ্রসারী ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাঁর জীবন ও কর্মগাথা (Shyama Prasad Mukherjee Syllabus Inclusion)। পাশাপাশি, সমস্ত কর্মসূচিতে আমজনতার সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর।
বৃহস্পতিবার সচিবালয়ের সভাগৃহে দীর্ঘক্ষণ ধরে চলা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) উপস্থিতিতে গঠিত উচ্চপর্যায়ের সরকারি কমিটি এই প্রস্তাবগুলিতে চূড়ান্ত অনুমোদন দেয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক শীর্ষ আধিকারিকেরা, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্বাধীন ভারতে প্রথম শিল্প ও শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর সুদূরপ্রসারী অর্থনৈতিক ভাবনা, গঠনমূলক চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হবে পাঠ্যসূচিতে।
একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে বেশ কয়েকটি বড় মাপের পরিকাঠামোগত প্রকল্পের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। নিউ টাউনের ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি এবং একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের অনুমোদন দিয়েছে হিডকো। আগামী ৬ জুলাই যাতে এই বিশাল প্রকল্পের উদ্বোধন করা যায়, সেই লক্ষ্যে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে আশুতোষ মুখোপাধ্যায়ের নামে একটি আধুনিক লাইব্রেরি ও সংগ্রহশালা তৈরি করা হবে।
বছরভর এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সংগৃহীত পাণ্ডুলিপি রামকৃষ্ণ মিশনের সহায়তায় বই আকারে প্রকাশ করবে রাজ্য। সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ, গবেষক ও ইতিহাসবিদদের কাছ থেকে গঠনমূলক প্রস্তাব এবং পরামর্শ পাওয়ার জন্য আগামী কিছুদিনের মধ্যেই অনলাইন পোর্টালটি চালু হয়ে যাবে। নির্দিষ্ট ১৫ থেকে ৩০ দিনের সময়সীমার মধ্যে যে কেউ সেখানে নিজেদের মূল্যবান পরামর্শ জানাতে পারবেন।

