উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিহারের জামুই জেলায় এক নাবালিকার শ্লীলতাহানি ও এক নাবালকের ওপর শারীরিক নিগ্রহের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ (Sporadic incident) বলে অভিহিত করে তীব্র বিতর্কে জড়ালেন বিহারের জেডিইউ (JDU) মন্ত্রী শ্রাবণ কুমার (Shravan Kumar)। তবে পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন যে, অপরাধীরা কোনওভাবেই আইনের হাত থেকে রেহাই পাবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামীণ উন্নয়ন তথা তথ্য ও জনসম্পর্ক মন্ত্রী শ্রাবণ কুমার বলেন, “বিশ্ব সম্পূর্ণ অপরাধমুক্ত নয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেই থাকে। তবে সরকার এই ধরনের ঘটনার ওপর নজর রাখছে। অতীতেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবারও কেউ ছাড় পাবে না।”
উল্লেখ্য, সম্প্রতি জামুই জেলা থেকে একটি অত্যন্ত নক্কারজনক ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায়, একদল দুর্বৃত্ত এক নাবালিকা ও তাঁর পুরুষ বন্ধুকে ঘিরে ধরে হেনস্থা করছে। ভিডিওটিতে দেখা যায়, হাত জোড় করে ওই তরুণী অভিযুক্তদের কাছে ছেড়ে দেওয়ার জন্য আকুতিমিনতি করছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন। জামুইয়ের পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিওটির ভিত্তিতে একটি এফআইআর (FIR) রুজু করা হয়েছে এবং জামুইয়ের সাব-ডিভিশনাল পুলিশ অফিসারের (SDPO) নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) গঠন করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে ইতিমধ্যেই সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে।

