উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার ঘোষণার পর থেকেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। এই আবহে নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। তাঁর স্পষ্ট দাবি, হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরলেও তাঁকে কোনোভাবেই আইনি ছাড় দেওয়া হবে না; বরং বাংলাদেশে (Bangladesh) পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করা হবে।
২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাসিনা এখন ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। ফলে তিনি সাধারণ নাগরিকের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তাঁর প্রত্যাবর্তন যে কোনোভাবেই ঘটবে, তা বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, গত সপ্তাহে এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। এই ঘোষণা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের প্রতিক্রিয়া, “ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই।” সেই সঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, “কোনও স্টান্টবাজি করবেন না। এখানে আর কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।”
২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান দমন করতে হাসিন সরকারের কঠোর নীতি প্রয়োগের ফলে ১৪০০-র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করা হয়েছে। এই গণহত্যার দায় কেবল হাসিনাই নন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর। পুরো বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

