উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। সোমবার সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায় ঘোষণা করা হবে। রায় শোনাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল।
এদিকে রায় ঘোষণার আগে ওপার বাংলায় দফায় দফায় অশান্তির খবর সামনে আসছে। ঢাকা (Dhaka) সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এমনকি, অ্যাম্বুল্যান্সেও ককটেল হামলার খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে গতকালই দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে ঢাকা পুলিশ। বলা হয়েছে, কোথাও কাউকে মানুষ, গাড়ি বা পুলিশের উপর অগ্নিসংযোগ বা ককটেল ছুড়তে দেখলেই গুলি করতে হবে।
প্রসঙ্গত, গত বছর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের চাপে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বাংলাদেশের ছাত্রযুবদের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। অভিযোগ, তিনি আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই সংক্রান্ত মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আন্তর্জাতিক ট্রাইবিউনালে প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।
