উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত বছর ১৩ ডিসেম্বরের সেই ‘কালো’ দিন এখনও ভোলেননি ভারতীয় থুড়ি বাঙালি ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসিকে দেখার আশায় যুবভারতীতে গিয়ে চরম নিরাশ হয়েছিলেন দর্শকরা। এবার সেই ‘মেসিকাণ্ড’ নিয়ে সরাসরি আইনি পথে হাঁটতে চলেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)। তিনি কাঠগড়ায় তুলেছেন খোদ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং পুলিশ প্রশাসনকে!
শতদ্রু জানিয়েছেন, বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন তিনি। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, সেদিন প্রাক্তন মন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং আমলারা জোর করে মাঠে ঢুকে অনুষ্ঠানটিতে রীতিমতো অন্তর্ঘাত করেছিলেন। এমনকি ভয় দেখিয়ে আদায় করা কমপ্লিমেন্টারি টিকিটগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
তবে শুধুমাত্র এফআইআর নয়, পুলিশের গাফিলতি ও চরম অব্যবস্থার অভিযোগ তুলে তৎকালীন ডিজির বিরুদ্ধেও ক্রিমিনাল মামলার পথে হাঁটছেন শতদ্রু। তদন্তকারী সিট-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। পাশাপাশি, সিভিল কোর্টে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং আরও ৫০ কোটি টাকার মানহানির জোড়া মামলা করতে চলেছেন এই স্পোর্টস প্রোমোটার।
উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির (Messi) আগমনের দরুন মেসিকে ঘিরে ভিড় জমিয়েছিলেন পুলিশ ও ভিআইপিরা। যার ফলে সাধারণ দর্শক মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে গ্যালারিতে তুমুল ভাঙচুর চালান। সম্প্রতি রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এই ঘটনার ফাইল পুনরায় খোলার ইঙ্গিত দিয়েছেন। আর ঠিক তারপরেই এবার সরাসরি ১০০ কোটি টাকার জোড়া মামলা ও এফআইআর-এর ‘অস্ত্রে’ শান দিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন শতদ্রু দত্ত।
