উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার বিতর্কের জন্ম দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি দাবি করলেন, “মহিলাদের এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না।” তাঁর এই মন্তব্য নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ঘটনাটি দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের। অভিযোগ, গত শনিবার সন্ধেবেলা, ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওডিশার জলেশ্বরের বাসিন্দা, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। ফেরার পথে কয়েকজন যুবক তাঁর পথ আটকায় এবং ছাত্রীটির মোবাইল কেড়ে নেয়। এরপর তাঁকে নির্জন এলাকায় টেনে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরে ছাত্রীটির সহপাঠীই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। তবে এদিন তিনি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, “বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করার।”
সোমবার কার্যত সেই সুরেই কথা বলতে শোনা যায় বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। তিনি দাবি করেন, “বাংলায় এসব (ধর্ষণ) হয় না, খুবই কম হয়। এখানে মহিলারা সুরক্ষিত।” এর পরই তিনি বলেন, “কিন্তু মহিলাদেরও এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না। সব জায়গায় তো পাহারা দেওয়া সম্ভব নয়। তাই একটু সাবধান হওয়া উচিত।” তিনি আরও বলেন, “প্রতিটি ইঞ্চিতে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, পুলিশ মোতায়েন সম্ভব নয়। কোনও ঘটনা ঘটলে পদক্ষেপ করা যেতে পারে। তাই মহিলাদেরও সাবধান হতে হবে।”
মুখ্যমন্ত্রী এবং সাংসদ, উভয়ের মন্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বদলে রাত-বিরেতে মহিলাদের বাইরে বেরনোকে দায়ী করার প্রবণতা দেখা দেওয়ায়, বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করার সুযোগ পেয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্যের ফলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
