বেঙ্গালুরু: রিচাকে সমাজমাধ্যমের সমালোচনাকে পাত্তা না দেওয়ার পরামর্শ দিলেন সানিয়া মির্জা। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা ও বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষ। সেখানেই ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা বলেছেন, ‘রিচার বয়স কম। বর্তমান সময়ে ওকে ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি সমাজমাধ্যমেরও মুখোমুখি হতে হবে। রিচাকে একটাই কথা বলব, এই চাপ সামলে নিজের খেলায় মনঃসংযোগ না করতে পারলে বড় খেলোয়াড় হওয়া যাবে না।’
পরে সানিয়া আরও বলেছেন, ‘এখন তো সমাজমাধ্যমে একজন ক্রীড়াবিদের জীবনের সবকিছু তুলে ধরা হয়। ম্যাচ হেরে রাতে কোথাও ডিনার করতে গেলেও সমালোচনার মুখে পড়তে হয়। আমি অবাক হয়ে যাই, এমন সব ব্যক্তি সমালোচনা করছেন যাঁরা কোনওদিন ক্রিকেট ব্যাট কিংবা টেনিস র্যাকেট হাতে নেননি। তাই আমার মনে হয়, সমাজমাধ্যমের সমালোচনাকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই।’
সমাজমাধ্যমের সমালোচনাকে ইতিবাচক দিক হিসেবে মনে করেন রিচা। তিনি বলেছেন, ‘আমি সমাজমাধ্যমের এই সমস্ত সমালোচনাকে মহিলা ক্রিকেটের একটি ইতিবাচক দিক হিসেবে মনে করি। আগে মহিলা ক্রিকেটারদের এত ফলোয়ার ছিল না। এখন ফলোয়ার যেমন বাড়ছে তেমন সমালোচনাও বাড়ছে। এর মানে আগের থেকে আরও বেশি মানুষ মহিলাদের ক্রিকেট দেখছে।’
