সামসী: ৫ ডিসেম্বর দুই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের কার্ড ছাপিয়ে কার্ড বিলি করে নেমন্তন্ন পর্বও সেরে ফেলেছিলেন। কিন্তু এরই মধ্যে আচমকা আগুনে সব লণ্ডভণ্ড হয়ে গেল। দুই মেয়ের বিয়ের সপ্তাহ দুয়েক আগে আগুনে ভস্মীভূত হল গোটা বাড়ি। শনিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন দামাইপুর গ্রামে। বিয়ের জন্য ঋণ করে রাখা কয়েক লক্ষ টাকা, নতুন পোশাক,পাঁচ কুইন্টাল ধান ও নথিপত্র সহ সবকিছু পুড়ে গেছে। সোনার গয়নাও পুড়ে নষ্ট হয়েছে। সব কিছু হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে দিনমজুর মনোরঞ্জন রবিদাসের পরিবারটি।
ঘটনার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন মনোররঞ্জন। বাড়িতে বিদ্যুৎ না থাকায় প্রদীপ জ্বালিয়েছিল ছেলে-মেয়েরা। সে সময় কোন কাজে পাশে কাকার বাড়িতে যায় মেয়েরা। এরই মধ্যে বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোরচেষ্টা করলেও কিছু হয়নি। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য সব শেষ। সবকিছু হারিয়ে এই মুহূর্তে চরম বিপাকে পড়েছে পরিবারটি। মনোরঞ্জনবাবু জানান, যে করেই হোক দুই মেয়ের বিয়ে দিতেই হবে। আর এই কাজে গ্রামবাসীদের উপরেই ভরসা রাখছেন তিনি। পাশাপাশি পরিবারটিকে সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ বানিজুদ্দিন পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন। চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তীও সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন।
