সামসী: বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) পর প্রথমবার প্রকাশ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন চাঁচলের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (Nihar Ranjan Ghosh)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও চাঁচলকে (Chanchal) পৌরসভার মর্যাদা দিতে তৃণমূল সরকার চূড়ান্ত অবহেলা করেছে।
নীহাররঞ্জন বাবুর দাবি, চাঁচলের জনসংখ্যা ও বাণিজ্যিক প্রসারের কথা ভেবে বহু আগেই পৌরসভা গঠন জরুরি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে এই বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি, বরং বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। উল্টোদিকে, বর্তমান সরকার বাজেটেই চাঁচল পৌরসভা গঠনের ঘোষণা করায় তিনি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তৃণমূলের অন্দরে দুর্নীতি, প্রশাসনে আইপ্যাকের হস্তক্ষেপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই বিষয়ে উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি নেতা দীপঙ্কর রাম জানান, বাম ও তৃণমূল—উভয় সরকারই দীর্ঘ সময় চাঁচলবাসীকে কেবল মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তে নাগরিক পরিকাঠামো, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন উন্নয়নের দিগন্ত খুলে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। প্রাক্তন বিধায়কের এই দলবিরোধী অবস্থান এবং বিজেপি সরকারের প্রশংসা চাঁচলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

