সামসী: বিধানসভা নির্বাচনের (Meeting Election 2026) আবহে মালদার চাঁচল-২ ব্লকে বড়সড় ভাঙনের মুখে পড়ল কংগ্রেস (Congress)। দীর্ঘ এক দশক ধরে ধানগাড়া-বিষণপুর অঞ্চল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলানো মহম্মদ শব্দর আলিকে (Mohammad Shabdar Ali) দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করল ব্লক নেতৃত্ব। ব্লক কংগ্রেস সভাপতি সৈয়দ মানজারুল ইসলাম লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই তিনি দলীয় কর্মসূচি ও সংগঠনের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন।
পেশায় মাদ্রাসা শিক্ষক শব্দর আলি অবশ্য পাল্টা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, দল তাঁকে দীর্ঘদিন ধরেই গুরুত্ব দিচ্ছিল না। এমনকি আগামী দিনে শাসকদল তৃণমূলে যোগদানের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, দলের আদর্শে বিশ্বাসী হয়ে কেউ মানুষের সেবা করতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে। নির্বাচনের ঠিক আগে এই বহিষ্কার ও দলবদল ঘিরে চাঁচল-২ ব্লকের রাজনৈতিক সমীকরণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফলে ভোটের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে চাঁচল-২ ব্লকের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এখন দেখার,শেষ পর্যন্ত মহম্মদ শব্দর আলির পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কোন দিকে যায় এবং তার প্রভাব কতটা পড়ে আসন্ন নির্বাচনে।
