সামসী: ‘সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজন করে বিজেপির সুবিধে করে দিচ্ছে হুমায়ুন এবং আসাদউদ্দিন ওয়েইসির দল মিম’, শনিবার মালতীপুরের এক সভা থেকে কার্যত দু’জনকে ধুয়ে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসী (Abdur Rahim Boxi)।
এদিন মালতীপুরের জালালপুরে বিধায়ক আব্দুর রহিম বক্সি ইমাম ও মোয়াজ্জিনদের সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘হুমায়ুন কবীর (Humayun Kabir) ও মিম পার্টি এরা সংখ্যালঘু ভোটকে বিভাজন করে রাজ্যে বিজেপির সুবিধা করতে দিতে চাইছে। তাদের দালাল বলবে সাধারণ মানুষও। ওরা মুসলিমের নামে ভোট চাইবে। তারা বিজেপির (BJP) দালাল।’
আব্দুল রহিম বকসীর বক্তব্য শুনে পালটা উত্তরবঙ্গ জোনের মিম পার্টির সভাপতি মতিউর রহমান বলেন, ‘ওবিসি ও ওয়াকফ আইন লাগুর পর সংখ্যালঘুরা আর তৃণমূল কংগ্রেসকে (TMC) পছন্দ করে না। বাংলায় বাবরি মসজিদ শিলান্যাসের পর তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। শাসকদল সাঁড়াশি চাপে রয়েছে। তাই ভোটের আগেই ভুল বকতে শুরু করেছে। আগামী বিধানসভা ভোটে মালদা ও মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে।’
দু’পক্ষের বক্তব্য শুনে বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, ‘এতদিন মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। ভাওতা দিয়ে সংখ্যালঘুদের অধিকার কেড়েছে। এখন তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাতেই মাথা খারাপ হয়ে গেছে শাসকদলের।’
